মানবদেহে যে রোগে হোক না কেন, এর লক্ষণ প্রকাশ পায়। একজন চিকিৎসক লক্ষণ দেখে জন্ডিস রোগীকে সনাক্ত করতে পারেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ল্যাবরেটরী সুবিধার প্রবর্তন হওয়াতে রোগ নির্ণয় করা এখন পূর্বের থেকে সহজ ও কম সময়ে সম্পন্ন করা যায়। মানুষের নখের অবস্থা দেখেও কিছু রোগ চেনা যেতে পারে। তার মধ্যে অন্যতম হল ক্যানসার।
মূলত, নখের রং অনেক কথাই বলতে পারে। নখের রং বিভিন্ন সময়ে বদলে যায়। তখনই ইঙ্গিত দেয় যে কোনও গুরুতর অসুখ বাসা বাঁধছে শরীরে। অনেক সময়ে নখ মোটা, ভারী হয়ে যায়। হাল্কা হলুদ ভাব দেখা দেয়। তখন বুঝতে হবে ছত্রাকের সংক্রমণ হচ্ছে। থাইরয়েডের সমস্যা থাকলে নখ তাড়াতাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এমন কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
নখের রঙের কোনো বদল এলে কখনও তা অবহেলা করা উচিত নয়। কারণ তা ক্যানসারের বার্তাও নিয়ে আসতে পারে। ত্বকের এক ধরনের ক্যানসার ধরা পড়ে নখের রঙের পরিবর্তন দেখেই। প্রথমে নখের তলায় একটি কালো দাগ দেখা দিতে পারে। তার পর ধীরে ধীরে নখের রং উধাও হয়ে যায়।
নখের চার ধারে কালচে ভাব দেখা দিতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। নয় তো পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ধীরে ধীরে নখের জোর কমে যায়। ভেঙে যেতে থাকে নখ। অনেকটা পাতলাও হয়ে যায় নখ।
নখ দেখে রোগ চেনায় উপায়
নখের গোড়ায় সাদা দাগ
শরীরের রক্তসঞ্চালনে অসুবিধা থাকলে নখের গোড়ায় সাদা দাগ দেখা যায়। নখের এই সাদা দাগ কিডনির সমস্যারও লক্ষণ হতে পারে। তবে শরীরে প্রোটিনের অভাব হলে বা ক্যালসিয়ামের অভাবেও নখে এই সাদা দাগ দেখা যেতে পারে।
পুরু হলদেটে নখ
নখে ছত্রাকের আক্রমণও হতে পারে। নখের রং যদি হলুদ হতে শুরু করে এবং ক্রমশ শক্ত মোটা হয়ে যায় তবে তা নখে ছত্রাকের আক্রমণ থেকে হতে পারে।
ফ্যাকাসে নখ
নখ দেখতে যদি ফ্যাকাসে ও প্রাণহীন লাগে, তবে বুঝতে হবে তা শরীরে রক্তস্বল্পতার ইঙ্গিত দিচ্ছে। তবে অনেক সময় ডায়াবেটিস বা লিভারের সমস্যা বাড়লেও নখের রং ফ্যাকাসে হয়ে যায়। সাধারণত দেহে পরিমিত রক্ত থাকলে নখের রঙে একটা গোলাপি আভা দেখা যায়।
নখে কালচে দাগ
শরীরে ভিটামিনের অভাব, ত্বকের ক্যান্সারসহ নানা ধরনের অসুখ হলে নখে কালো দাগ দেখা দিতে পারে। নখে এমন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত। তবে কখনও নখে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গেলেও এমন কালো দাগ দেখা যায়।
নখে নীলচে দাগ
নখের গোড়ায় যদি হালকা নীলচে দাগ দেখতে পান তবে বুঝতে হবে দেহে পরিমিত পরিমাণ অক্সিজেন পৌঁছাচ্ছে না। অর্থাৎ, আপনি হয়তো অক্সিজেন স্বল্পতায় ভুগছেন। এ ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
ছোট ছোট ঢেউ
নখে ছোট ছোট ঢেউ বা উঁচু নিচু থাকলে তা একটি রোগের লক্ষণ। এ রোগের নাম সোরিয়াসিস। (নিচের ছবি)
ক্লাবড নখ
ক্লাবড নখ বলতে সাধারণ নখের তুলনায় বড়, ভারি ও আঙুলের প্রান্তের দিকে কিছুটা বাঁকা হয়ে আসা নখকে বোঝায়। এটি একবারে হয় না, কয়েক বছর নিয়ে ধীরে ধীরে হয়। দেহের অক্সিজেন সরবরাহে কোনো সমস্যা হলে এটি হতে পারে।
ছোট লাল লাইন
পুরোপুরি লাল না হলেও বাদামি বা লাল দাগ দেখা যেতে পারে নখে। এটি অনেকটা শুকনো রক্তের মতো দেখতে। হৃৎযন্ত্রের কোনো সমস্যা বা আঘাতের কারণে এমনটা হতে পারে।
স্পুন নখ
কারো নখ যদি স্বাভাবিকের তুলনায় নরম হয় তাহলে তাকে স্পুন নখ বলা হয়। এটি আয়রন সমস্যা কিংবা লিভার সমস্যার লক্ষণ।
