চিকেন চাউমিন কিন্তু খুব ভাল নাস্তা হতে পারে – সকালে অথবা বিকালের জন্য। আর, এতে মুরগীর গোস্ত থাকাতে এর পুষ্টিমাণও ভাল। এই চাইনিজ খাবারটি ছোট-বড় সকলেই পছন্দ করে থাকেন। চিকেন ছাড়াও এটিতে ফ্রাইড চিংড়ি দেয়া যায়।
চিকেন চাউমিন প্রস্তুতের সময় খেয়াল রাখতে হয়
- চাউমিন সিদ্ধ করার সময় লবণ একটু কম দিতে হয়। পরে ভাজার সময় যে সব সস ব্যবহার করা হয়, তাতে যথেষ্ট পরিমাণ লবণ থাকে।
- সিদ্ধ করা শেষে চাউমিন অবশ্যই ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তা না হলে চাউমিনের কুকিং প্রসেস বন্ধ হবে না এবং চাউমিন খুব নরম হয়ে যাবে।
- চাউমিনে যদি লেবুর রস দিতে চান তবে রান্নার একেবারে শেষ পর্যায়ে দিবে। কারণ, অধিক তাপে লেবুর রস তিতা হয়ে যায়।
- চাউমিন ফ্রাই করার সময় একটু বড় আকারের ফ্রাই প্যান ব্যবহার করা উচিত। এতে ফ্রাইয়ের পুরো প্রক্রিয়ায় স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন।
চিকেন চাউমিন এর উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চাউমিন | ১ প্যাকেট |
| পানি | পরিমাণ মত |
| লবণ | পরিমাণ মত |
| সয়াবিন তেল | পরিমাণ মত |
| চিকেন | ১ কাপ |
| ডিম | ২টি |
| মিহি করে কুচি করা পেঁয়াজ | ৩ টেবিল চামচ |
| মিহি করে কুচি করা রসুন | ২ চা চামচ |
| মিহি করে কুচি করা টমেটো | ১ টেবিল চামচ |
| মিহি করে কুচি করা কাঁচা মরিচ | ২ চা চামচ |
| সয়া সস | ২ চা চামচ |
| টমেটো সস | ২ টেবিল চামচ |
| মাস্টার্ড সস | ১ চা চামচ |
| গ্রীণ চিলি সস | ১ চা চামচ |
| গার্লিক সস | ১ চা চামচ |
| ভাজা জিরা গুড়া | ১ চা চামচ |
| কালো গোল মরিচ গুড়া | ১ চা চামচ |
| টেস্টিং সল্ট | ১/২ চা চামচ |
| চিনি | ১/২ চা চামচ |
| লেবুর রস | ২ চা চামচ |
চিকেন চাউমিন প্রস্তুত প্রণালী
| ১। | একটা হাড়িতে একটু বেশি করে পানি নিতে হবে। এতে পরিমাণ মত লবণ দিয়ে পানিটা ফুটতে দিতে হবে। পানি ফুটে গেলে এতে চাউমিন গুলো ছেড়ে দিতে হবে। |
| ২। | চাউমিন সিদ্ধ হয়ে গেলে একটা ঝাঝড়িতে ঢেলে চাউমিন থেকে পানি ঝড়িয়ে নিতে হবে। এসময় একটু ঠান্ডা পানি দিয়ে চাউমিন ধুয়ে নিতে হবে। এতে করে চাউমিনের কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে। |
| ৩। | অন্য একটা হাড়িতে পানি ফুটিয়ে অল্প লবণ ও কালো গোল মরিচ গুড়া দিব। হাড় ছাড়া মুরগীর গোস্ত ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। পানি ফুটে উঠলে চিকেন পিসগুলো দিয়ে সিদ্ধ ঠান্ডা করে নিব। |
| ৪। | একটা ফ্রাইং প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিব। এতে মিহি পেঁয়াজ দিয়ে জ্বাল দিব। পিয়াঁজ কুচি একটু নরম হয়ে গেলে তাতে রসুন এবং কাঁচা মরিচ দিই। বেশ লাল লাল করে এই মশলা তিনটি ভেজে নিতে হবে। মশলা গুলো গোল্ডেন ব্রাউন রং ধারণ করলে তাতে টমেটো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে টমেটো পুরোপুরি গলে না যায়। |
| ৫। | এবার এই মশলার মিশ্রণে ২টা ডিম দিয়ে দিতে হবে। একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিতে হবে। খুনতি দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে ডিম ঝুড়ি ঝুড়ি হয়ে ভাজা হয়ে যাবে। |
| ৬। | এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন এর মধ্যে ঢেলে দিতে হবে। সেই সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনও দিয়ে দিতে হবে। মিশ্রনটি খুব ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। |
| ৭। | এবার বিভিন্ন রকম সস গুলো মেশানোর পালা। একে একে সয়া সস, টমেটো সস, গ্রীণ চিলি সস, গার্লিক সস আর মাস্টার্ড সস এই চিকেন ও চাউমিন এর সাথে মিশিয়ে নিতে হবে। |
| ৮। | সেই সাথে এই একই সময়ে ভাজা জিরা গুড়া আর কালো গোলমরিচ গুড়াও মিশিয়ে নিতে হবে। |
| ৯। | খুনতি দিয়ে অনবরত নেড়ে চেরে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। সবার শেষে এই মিশ্রনের মধ্যে চিনি ও টেস্টিং সল্ট যোগ করে দিতে হবে। নেড়ে-চেড়ে অন্যান্য সব উপকরণের সাথে মিশিয়ে দিতে হবে। |
| ১০। | নামানোর আগে উপর থেকে পরিমাণ মত লেবুর রস ছড়িয়ে দিতে হবে। তারপর খুনতি দিয়ে নেড়ে লেবুর রস সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। |
এভাবেই প্রস্তুত হয়ে গেল আপনারচিকেন চাউমিন।
>
